মৌলভীবাজারে অনিয়ম, অপরিচ্ছন্নতা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে শাহজালাল প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১৫ হাজার টাকা, গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালে লাইসেন্স ও ওয়েটিং রুম না থাকায় ২০ হাজার টাকা, সিটি ডায়াগনস্টিক সেন্টারের নোংরা পরিবেশের কারণে ৩০ হাজার টাকা, হেলথ এইড হাসপাতালের ফার্মেসী জেরিন ড্রাগ হাউজ-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৮ হাজার টাকা এবং লাইফ লাইন হাসপাতালের ফার্মেসী লাইফ লাইন মেডিসিন কর্নার-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল আমিন।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, সদর মডেল থানা পুলিশের একটি টিম এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন।
Fans
Fans