লিবিয়ার ত্রিপলি থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সিলেটের হবিগঞ্জ জেলার ৩৮ জনসহ ৭০ অভিবাসন প্রত্যাশী। তাদের ছেড়ে যাওয়া নৌকাটির খোঁজ মিলছে না গেল ১০ দিন ধরে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ইউরোপের বিভিন্ন দেশে থাকা হবিগঞ্জের নিখোঁজদের স্বজনদের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
নিখোঁজ হওয়াদের বেশিরভাগই হবিগঞ্জ জেলার উমেদনগর, বানিয়াচং উপজেলার সদর ও তারাসই এবং আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ও পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা তলাবপাড়া মহল্লার আলফাজ মিয়া রনি (২১), মোজাক্কির আহমেদ (২১), সিয়াম জমাদার (২১) ও মিজান আহমেদ (২০) রয়েছেন।
এ ছাড়া হবিগঞ্জের উমেদনগর, আজমিরীগঞ্জের পশ্চিমভাগ, জলসুখা ও বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের আরও অনেকে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ আলফাজ মিয়া রনির বড় ভাই মনির মিয়া বলেন, গত ৩০ সেপ্টেম্বর লিবিয়ার ত্রিপলি থেকে ইতালির উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে চারটি নৌকা ছেড়ে যায়। যার মধ্যে একটি নৌকায় হবিগঞ্জের ৩৮ জনসহ প্রায় ৭০ জন ছিলেন, সেই নৌকাটিই নিখোঁজ হয়েছে। বাকি তিনটি নৌকা ইতালিতে পৌঁছেছে।
তিনি আরও জানান, আজমিরীগঞ্জের পশ্চিমভাগ গ্রামের লিবিয়া প্রবাসী হাসান আশরাফের মাধ্যমে ওই ৩৮ জন ১৭ থেকে ২০ লাখ টাকা করে দিয়ে ইতালি যাওয়ার উদ্যোগ নেন।
রনি ও মোজাক্কিরের স্বজনদের ভাষ্য, হাসান আশরাফ তাদের দুজনের কাছ থেকে মোট ৩৬ লাখ টাকা নিয়ে লিবিয়ায় পাঠিয়েছিলেন। পরে ৩০ সেপ্টেম্বর নৌকায় তুলে দিয়ে বিষয়টি বাড়িতে জানানোর পর থেকেই তাদের আর কোনো খোঁজ মিলছে না। আশরাফের মোবাইল ফোন নম্বরও বন্ধ।
ইতালি প্রবাসী আবুল খায়ের বলেন, শুনেছি নৌকাটিতে মাফিয়া চক্র গুলি চালায়। এ ঘটনায় কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় লিবিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Fans
Fans