সিলেট মহানগরীর কোতোয়ালী থানার চৌহাট্টায় ২০২২ সালের ১০ এপ্রিল জামায়াত–শিবির ও বিএনপি—ছাত্রদলের নেতাকর্মীদের অবরোধ ও নাশকতার চেষ্টা ভণ্ডুল হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামী মাসুদা ফেরদৌসী (২৭) বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। সমাজসেবিকা ও সংস্কৃতি কর্মী হিসেবে পরিচিত মাসুদার সঙ্গে একই মামলায় আসামী করা হয়েছে তার বাবা বিলাল মিয়া (৬০) এবং ভাই নুরুজ্জামান মাহবুবকে (২৮)।
পরিবারের দাবি, গত বছরের ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের পর থেকেই স্থানীয় একদল লোক ধারাবাহিকভাবে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। এসব ঘটনায় মাসুদা ফেরদৌসীর পরিবার চরম আতঙ্কে পড়ে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র লুকিয়ে বসবাস করতে বাধ্য হয়েছে।
মাসুদার ভাই নুরুজ্জামান মাহবুব বলেন, ‘আমরা বাড়িতে থাকতে পারছি না। ভালোভাবে জীবনযাপন করতে পারছি না। প্রতিনিয়ত ভয়ভীতির মধ্যে আছি। একদল লোক বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মামলার কারণে বোনের সন্ধান চান। আমরা তাদের বলেছি, তিনি দেশের বাইরে আছেন কিন্তু তারা তা সহজে মানছেন না।’
পরিবার আরও অভিযোগ করে, মামলার কারণ দেখিয়ে পুলিশ নিয়মিত তাদের বাড়িতে গিয়ে মাসুদা ফেরদৌসীর খোঁজ নিচ্ছে। এতে একদিকে উগ্র গোষ্ঠীর ভয়, অন্যদিকে পুলিশের চাপ—দ্বিমুখী আতঙ্কে দিন কাটছে তাদের।
এ বিষয়ে মতামত জানতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
Fans
Fans