শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিলো আমেরিকান দূতাবাস

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

আগামীকাল থেকে ব্যবসা বা ভ্রমণ ভিসার অনুমোদন পেলে ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হবে। কিন্তু শিক্ষার্থীদের জন্য এই ভিসা বন্ড লাগবে না বলে জানিয়েছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।


এতে বলা হয়, এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয়। কেবলমাত্র প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা বা পর্যটন (বি১/বি২) ভিসা আবেদনকারীদের বন্ড পরিশোধ করতে হবে।


আগেরদিন আরেক বার্তায় বলা হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশে যুক্তরাষ্ট্রের (বি১/বি২) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত একটি ভিসা বন্ড জমা দিতে হবে।


এতে বলা হয়, তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।


সোমবারের বার্তায় আমেরিকান দূতাবাস জানায়, সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করবেন না। আগাম বন্ড পরিশোধ করলে, তা ভিসার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে।


এতে আরও বলা হয়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। 


গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশসহ আরও ২৫ দেশের ভ্রমণকারীদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দেওয়ার নির্দেশনা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Follow Us