সাইফুর রহমান ও ইলিয়াস আলীর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার শপথ এম. এ মালিকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

“সাইফুর রহমান ও ইলিয়াস আলীর অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার শপথ নিয়েছেন সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ শেষে আজিজপুর বাজারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দক্ষিণ সুরমায় এসে নির্বাচনী কার্যক্রমের ঘোষণা দিয়েছেন এবং ধানের শীষ প্রতীকে আমার জন্য আপনাদের কাছে ভোট চেয়েছেন। আমরা ব্যক্তির চেয়ে দল ও দেশের স্বার্থকে বড় মনে করি। এই এলাকার উন্নয়নের রাজনীতি বিএনপিই করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে সাইফুর রহমান ও ইলিয়াস আলীর মতো নেতারা বালাগঞ্জ-দক্ষিণ সুরমার উন্নয়নে কাজ করেছেন।”


সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আগামী দিনগুলোতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে দানের শীষের পক্ষে ভোট চাইবেন। কোনো বাধা এলে আমরা তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো।”


এ সময় তিনি গুম হওয়া নেতাকর্মীদের প্রসঙ্গ তুলে বলেন, “ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ প্রায় দেড় হাজার গুম হওয়া নেতাকর্মীকে ফিরিয়ে আনার জন্য বিএনপি সংগ্রাম চালিয়ে যাবে।”


শেষে তিনি তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত সবাইকে সালাম পৌঁছে দেন এবং আগামীকাল থেকে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান।

Follow Us