জকিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খু ন

জকিগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

সিলেটের জকিগঞ্জে বড় ভাইয়ের ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে মারধরের ঘটনা ঘটে। আর শনিবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছোট ভাই কামিল আহমদ (২৫)।


নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করার পর বড় ভাই জাকির আহমদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাওয়ার সময় কামিল আহমদ ও জাকির আহমদের স্ত্রীর মধ্যে খাবারের মান নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। জাকির আহমদ স্ত্রীর পক্ষ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং কামিল আহমেদের মাথায় লাকড়ি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত কামিলকে পার্শ্ববর্তী চারখাই এলাকার একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়। 


শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনায় একমাত্র আসামি জাকির আহমদকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি।

Follow Us