হবিগঞ্জে ওসিকে হু/মকি দেওয়া বিএনপি নেতা জামিনে মুক্ত

হবিগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

ওসিকে হুমকি দেওয়ার অভিযোগে আটক হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে জামিন দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পুলিশ তাঁকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিনের আদালতে হাজির করে। এ সময় তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারিক পুলিশ প্রতিবেদনের (বিপিআর) আগ পর্যন্ত তাঁকে অস্থায়ী জামিন দেওয়া হয়।


এর আগে বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তুষারকে আদালতে সোপর্দ করা হয়। আদালত সূত্রে জানা যায়, পাঁচ হাজার টাকা বেইল বন্ডে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে গত রোববার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাঁকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়। তুষার বাহুবল উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা।


সম্প্রতি বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে দুই ব্যক্তির কথোপকথনের একটি অডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে এক পর্যায়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে। কথোপকথনের শুরুতে এক ব্যক্তি বলেন, ‘আপনি ওসিকে হুমকি দেবেন, লোক নিয়ে আসবেন, চাকরি করতে দেবেন না– এটা কেমন কথা?’ পরে উভয় পক্ষের মধ্যে বাক্যবিনিময় হয়। এক পর্যায়ে তৃতীয় একজনকে ‘ওসি’ সম্বোধন করে অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়।


আটকের আগে দেওয়া এক ভিডিও বার্তায় ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার দাবি করেন, তিনি এ ধরনের কোনো ঘটনায় জড়িত নয়। তার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। কৃত্রিমভাবে সম্পাদিত একটি অডিও ক্লিপ দিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর ভাষ্য, গত দুই মাসে ওসির সঙ্গে তাঁর কোনো ফোনালাপ হয়নি।


এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলার পর ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছিল।

Follow Us