জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক, বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

জিলাপি তৈরিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করায় মৌলভীবাজারে ‘বেঙ্গল সুইট ফুড’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। এছাড়াও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন।


জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বেঙ্গল সুইট ফুড এর জিলাপি তৈরিতে ল্যাবরেটরি পরীক্ষায় প্রতিষ্ঠানের উৎপাদিত জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত হয়। এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট মৌলভীবাজার জেলার খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে বিশুদ্ধ খাদ্য আদালত, মৌলভীবাজারে একটি মামলা দায়ের করেন।


ধারাবাহিক শুনানি শেষে গত ২৩ ফেব্রুয়ারি আদালত নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর দুটি ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন জানান, হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের রাসায়নিক মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। 


ভেজাল ও ক্ষতিকর উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Follow Us