সিলেটে নারীদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ নিয়ে সংলাপ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে নারী নেত্রীদের নিয়ে সংলাপ অধিবেশন করেছে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও-সিলেট। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টায় নগরের সারদা হলে উক্ত সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়। সংলাপে নারীদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। 


আর.ডব্লিউ.ডি.ও এর নিবার্হী পরিচালক সমীতা বেগম মীরার সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ও জেলা জজ কোর্টেও আইনজীবী অ্যাডভোকেট শিরীন আক্তার, কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি সামিয়া চৌধুরী, ৬নং টুকের বাজার ইউনিয়নের মেম্বার দিপালী গোয়ালা, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, হিজড়া যুব কল্যাণ সংস্থার নির্বাহী সদস্য তাসনিয়া ফারিন। 


‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যের উপর অধিবেশনে সরকারী চাকুরীতে নারীদের সুযোগ,চ্যালেঞ্জ, সফলতা, নারী এডভোকেটদের চ্যালেঞ্জ, জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদে নারীদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ, সাংবাদিকতা পেশায় নারীদের চ্যালেঞ্জ ও সফলতা, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ, সমাজে টিকে থাকতে হিজড়া জনগোষ্ঠীর বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। আলোচক অতিথিরা নিজেদের ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ ও সফলতা তুলে ধরেন। 


অধিবেশন পরিচালনা করেন আর.ডব্লিউ.ডি.ও এর স্বাধীনতা প্রকল্পের ভলান্টিয়ার নাফিসা তানজীন। অধিবেশনের শুরুতেই শুভেচ্ছা জ্ঞাপন করেন আর.ডব্লিউ.ডি.ও এর প্রজেক্ট ফোকাল মো. জাহিদুল ইসলাম রশিদ। এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন-এমজেএফ। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সার্বিক সহযোগিতায় ছিল প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অধিবেশন শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।

Follow Us