হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে একটি বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে অবস্থিত ‘মামা-ভাগিনা বি-বাড়িয়া বেকারি’তে এ ঘটনা ঘটে।
বেকারির মালিকপক্ষের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার মালামাল ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ভেতরের মূল্যবান সরঞ্জাম ও পণ্যসামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গভীর রাতে বেকারির ভেতর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দিগ্বিদিক ছুটতে থাকেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও, তাদের পৌঁছানোর আগেই স্থানীয় জনতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Fans
Fans