এবার বিমানের ভেতরে টয়লেটে মিললো ৩৮ কোটি টাকা মূল্যের ১৫৩টি স্বর্ণের বার। শনিবার (২৮ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৮ ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণ করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগ থেকেই নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ফ্লাইটটির কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডে থাকা একটি টয়লেটের প্যানেল খুলে দেখা হলে সেখানে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ১৫৩টি স্বর্ণের বার পাওয়া যায়।
বিমানের কারিগরি দলের সহায়তায় প্যানেলটি খুলে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬ গ্রাম। সে হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৭.৭৮৪ কেজি।
উদ্ধার হওয়া স্বর্ণগুলো বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কারা জড়িত, কীভাবে স্বর্ণগুলো বিমানের কার্গো হোল্ডে লুকিয়ে আনা হলো, এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে কি না- এসব বিষয় খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Fans
Fans