অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অযৌক্তিক জরিমানা ও হয়রানির অভিযোগে বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ এই ধর্মঘটের ডাক দেন।


তারা জানান, পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘনঘন হিসাব নেওয়া, পুলিশ নিয়োগ এবং ছয়টি পাম্পে বড় অংকের জরিমানা আদায়ের প্রতিবাদে তারা তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।


তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের সিএনজি ও এলপিজিসহ কোনো পাম্পই মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়।


তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের প্রতিনিধিরা চাইলে পাম্প চালাতে পারেন, এতে তাদের কোনো আপত্তি নেই। মূলত প্রশাসনের কঠোর নজরদারি ও জরিমানাকে ‘হয়রানি’ হিসেবেই দেখছেন মালিকরা।

Follow Us