হবিগঞ্জে ফুটপাত দখলমুক্তে অভিযান, ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

হবিগঞ্জের নবীগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে ১৪ মামলায় ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। 


দীর্ঘদিন ধরে বাজার এলাকার ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা ও দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের ভোগান্তি লাঘব এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে ফুটপাত দখল, অবৈধ স্থাপনা স্থাপন এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে মোট ১৪টি মামলা দায়ের করা হয়। এ সময় ১৪ জন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদের কাছ থেকে মোট ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতিতে অভিযান নির্বিঘ্নভাবে সম্পন্ন হয় এবং দখলকৃত ফুটপাত উচ্ছেদ করা হয়।


নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহিল আমিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।


তিনি আরও বলেন, ফুটপাত দখল করে কেউ ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

Follow Us