বন্যার আশঙ্কা সিলেট-সুনামগঞ্জসহ ৫ জেলায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

আকস্মিক বানের পানিতে ভাসতে পারে সিলেট-সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি জেলা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


এক পূর্বাভাসে পাউবো জানিয়েছে, সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীসমূহের পানির সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অপরদিকে ভুগাই-কংস নদীসমূহের পানির সমতল স্থিতিশীল রয়েছে এবং নদীসমূহ প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে বিগত সাতদিন স্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী সাতদিন (২৩ থেকে ৩০ এপ্রিল) সামগ্রিকভাবে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে।


সাতদিনে স্থানভেদে সর্বমোট ১৫০-৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীসমূহ (সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস) এবং অন্যান্য উপ-নদীসমূহের পানির সমতল সপ্তাহের প্রথম ভাগে স্থিতিশীল থাকলেও সপ্তাহের শেষ ভাগে (২৮ এপ্রিল থেকে) বেড়ে নদীসমূহের কোথাও কোথাও প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।


এতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা) আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে।

Follow Us