জৈন্তাপুরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি::

প্রকাশিত:

সিলেটের জৈন্তাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বেলা ২টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। চাচার সঙ্গে গরু চরাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু।


নিহতরা হলো, উপজেলার শিকারখা গ্রামের কবির আহমেদের মেয়ে রাফা আক্তার মাঈশা (৫) এবং তার বড় ভাই সালেহ আহমেদের ছেলে মেহেদী হাসান মুন্না (৫ বছর)। মাইশা ও মুন্না সম্পর্কে আপন চাচাতো ভাই ও বোন।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) বেলা ২টার দিকে শিশু দুটির চাচা জাকারিয়া হাওরে গরু চরাতে যাওয়ার সময় তার পিছু নিয়ে মুন্না ও মাঈশাও সঙ্গে যায়। পরে তিনি তাদের বাড়িতে রেখে যান। তবে পরিবারের অজান্তে কখন আবার বাড়ির পাশ্ববর্তী ‘রাহুরখাল’ নামে পরিচিত খালের পাশে যায়, তা কেউ বুঝতে পারেনি।


এ বিষয়ে তাদের চাচা জাকারিয়া জানান, “দুপুরে গরু চরাতে যাওয়ার সময় আমার ভাতিজা-ভাতিজি আমার সঙ্গে যায়। পরে তাদের বাড়িতে রেখে আসি। হঠাৎ মানুষের চিৎকার শুনে খালের পাশে গিয়ে দেখি স্থানীয়দের সহায়তায় রাহুরখাল থেকে তাদের উদ্ধার করা হচ্ছে। পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা কিভাবে আবার খালের কাছে গেল, আমরা কেউই জানি না।


জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ মাহবুবর রহমান মোল্লা জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অন্তত হৃদয়বিদারক। নিহত দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Follow Us