ইউক্রেন যু'দ্ধের শান্তি আলোচনা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক::

প্রকাশিত:

বুধবার লন্ডনে ইউক্রেন শান্তি আলোচনা শুরুর কথা ছিল। যেখানে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের কথা ছিল। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অংশ না নেওয়ার কারণে স্থগিত হয়ে গেছে সেই আলোচনা। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।


বিশ্লেষকরা বলছেন, আলোচনা স্থগিত হওয়া লন্ডনের জন্য একটি কূটনৈতিক অস্বস্তি তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনাকে গুরুত্ব দিচ্ছে তারা। যে আলোচনায় নেই ইউরোপ ও ইউক্রেন।


দ্য গার্ডিয়ান এক সূত্রের বরাতে জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের কিছু এলাকা ছেড়ে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া অঞ্চলের স্বীকৃতি দাবি করেছে।


এদিকে রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনের বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। মঙ্গলবার ইউক্রেনের শ্রমিক বহনকারী একটি বাসে হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে হামলায় এক নারী নিহত ও এক প্রসূতিসহ অন্তত ৪২ জন আহত হন।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের তারাসিভকা গ্রাম দখল করেছে। যদিও এ দাবি এখনও যাচাই করা যায়নি। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা যতই অগ্রাধিকার পাক, ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ইউক্রেনকে ছাড়া সম্ভব নয়– এমনটাই বলছে ইউক্রেন ও তার মিত্ররা।

Follow Us