হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এনামুল হক ওরফে সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে মঙ্গলবার রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আদর্শিক ছাত্রসংগঠন। এনামুল হক দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘন করে চলছিলেন। তিনি সংগঠনের পদ-পদবি ব্যবহার করে মামলা-বাণিজ্যে যুক্ত ছিলেন এবং সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এসব কারণে তাঁকে সংগঠনের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


সংগঠনের জেলা আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্যসচিব মাহদী হাসানের যৌথ নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জেলা মুখপাত্র রাশেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এ বিষয়ে সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান বলেন, ‘আমরা নীতি-আদর্শবিরোধী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে সংগঠনে জায়গা দিই না। এনামুল আদর্শবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।’


অভিযোগের বিষয়ে এনামুল হক জানান, যে অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সঠিক নয়। এ ছাড়া জেলা কমিটির নেতারা অপর জেলা নেতাকে বহিষ্কার করতে পারেন না। সেটি সংগঠনপরিপন্থী।

Follow Us