সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুতা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজী নগর গ্রামে এই ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
নিহত বৃদ্ধের নাম ওয়াহিদ আলী (৭৬)। তিনিবএকই গ্রামের মৃত খুরশিদ আলী ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পাশে পুকুর ঘাটে হাতমুখ ধুতে যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়ে গেলে এ নিয়ে হাবিব ও ইকবালের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে রাত সাড়ে ৯টার দিকে হাবিব ও ইকবালের অভিভাবকদের মধ্যে বচসা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়াও সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, শিশুর জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ ওয়াহিদ আলীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Fans
Fans