মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা মাসুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা মাসুক মিয়ার হাতে খুন হন তার দুই ভাতিজি। এ ঘটনায় নিহতের স্বামী শহিদ মিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনায় নিহতরা হলেন- কাঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৭) ও মাছুমা বেগম (২৫)। তাদের মা হাজিরা বেগমকেও কুপিয়ে আহত করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কাঠালকান্দি গ্রামের আবু মিয়া ও তার ভাই মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলছে। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাসুক মিয়া বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষে বাধা দিলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম ও তার দুই মেয়ে শারমিন ও মাছুমা বেগমকে কুপিয়ে জখম করেন চাচা মাসুক মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মা হাজিরাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে হাসপাতালে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে।
Fans
Fans