আলভারেজের গোলে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক::

প্রকাশিত:

বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজ।


বিশ্বকাপে জায়গা আগেই নিশ্চিত হয়েছিল স্কালোনির শিষ্যদের। ফলে চাপ কম থাকায় লিওনেল মেসি-লাওতারো মার্টিনেজদের ছাড়াই তরুণ থিয়াগো আলমাদা-নিকো পাজদের একাদশ গড়েন স্কালোনি। অবশ্য মেসিকে ছাড়াই খেলতে নেমে খারাপ খেলছিল না আর্জেন্টিনা।


চিলির সান্তিয়াগোয় ম্যাচের ১৬ মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোল হুলিয়ান আলভারেজ। চিলির গোলরক্ষক ব্রায়ান কোর্তেসকে চিপ করে পরাস্ত করেন তিনি।


তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত চিলিই। চতুর্থ মিনিটে তাদের অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজের নেওয়া জোরালো শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অন্যদিকে ষষ্ঠ মিনিটে সুযোগ পেয়েও ব্যর্থ হন রদ্রিগো ডি পল। তার শট বার উড়িয়ে যায়। বিরতির ঠিক আগে আবারও গোলের সুযোগ পায় আর্জেন্টিনা। তবে ৪৩ মিনিটে নিকো পাজের নেওয়া মাটি কামড়ানো শট ঠাণ্ডা মাথায় ধরে ফেলেন কোর্তেস। 


দ্বিতীয়ার্ধে দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও গোলমুখে ছিলেন অনিয়ন্ত্রিত। আর্জেন্টিনাকে কিছুটা চেপে ধরার চেষ্টা করে চিলি। তবে ভাঙতে পারেনি গোলরক্ষক মার্টিনেজের প্রতিরোধ। ম্যাচের ৫৭ মিনিটে নিকো পাজের জায়গায় বদলি নামেন লিওনেল মেসি। চোটের জন‍্য গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া দুটি ম‍্যাচে ছিলেন না আর্জেন্টিনা অধিনায়ক। তবে চিলির বিপক্ষে ৩৩ মিনিট খেলে মাত্র দুটি শট নিতে পেরেছেন ইন্টার মায়ামির এই তারকা।


৬৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১০টি শট নেয় আর্জেন্টিনা, এর চারটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলা চিলি গোলের জন‍্য সাত শট নিয়ে তিনটি রাখতে পারে লক্ষ‍্যে।


এই জয়ে ১৫ ম্যাচ শেষে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষেই আছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরের তিনটি ম্যাচ হারলেও তাদের অবস্থানের কোনো হেরফের হবে না।

Follow Us