ভারতে ২৪২ যাত্রী নিয়ে লন্ডনগামী বিমান বিধস্ত

আন্তর্জাতিক ডেস্ক::

প্রকাশিত:

ভারতের গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ মডেলের উড়োজাহাজটি রাজ্যের আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছিল।


বৃহস্পতিবার (১২ জুন) এই দুর্ঘটনাটি ঘটে গুজরাট স্টেট এভিয়েশন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেড (জিইউএসইসি) পরিচালিত বিমানবন্দরে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বিমানটি উড্ডয়নের পর কিছুদূর গিয়ে বিধ্বস্ত হয়।


খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যে বিকট শব্দে বিস্ফোরিত হয়। তারপর সেটিতে আগুন ধরে যায়।


দ্য টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় শীর্ষ সংবাদমাধ্যমগুলো বলছে, বিমানটি এসভিপিআইএর রানওয়ে থেকে ওড়ার পর মেঘানীনগর এলাকার ওপর বিধ্বস্ত হয়। এর পরই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা, ছড়িয়ে পড়ে আতঙ্ক।


ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, ২৩০ জন যাত্রী, দুই পাইলট ও ১০ জন কেবিন ক্রুসহ বিমানটি উড্ডয়ন করেছিল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল।


উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।


আহমেদাবাদ বিমানবন্দরটি বর্তমানে আদানি গ্রুপের অধীনে পরিচালিত হচ্ছে। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে মেঘানীনগর এলাকার সব সড়ক সিল করে দেয় প্রশাসন। ফ্লাইটের যাত্রীদের পরিস্থিতি এখনো পরিষ্কার নয়। কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিশ্চিতভাবে বলা যায়নি। 


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যেহেতু উড়োজাহাজটি আন্তর্জাতিক গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল, ফলে এতে বিপুল পরিমাণ জ্বালানি ছিল— যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে।


এখন পর্যন্ত উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ তদন্ত ইউনিট এবং বিমানবন্দর কর্তৃপক্ষ।

Follow Us