সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত ১ টা ২০ মিনিটের দিকে উপজেলার ১২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গরু পারাপারের সময় বিএসএফ চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়, এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। চোরাকারবারিরা তাকে এপারে এনে দোয়ারাবাজার হাসপাতালে ভর্তি করলে রাত আড়াইটায় শফিকুলের মৃত্যু ঘটে।
বিজিবির ২৮ রইফেলের অধিনায়ক জাকারিয়া কাদির জানান, শুক্রবার রাত দেড়টার দিকে দোয়ারাবাজার সীমান্তের ভাঙারপাড় দিয়ে ১০-১২ জন বাংলাদেশী গরু আনতে ভারতের ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদের বাঁধা প্রদান করে। এসময় বিএসএফকে লক্ষ্য করে চোরাকারবারিরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। বিএসএফ এই পরিস্থিতিতে ৪-৫ রাউন্ড সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করে। চোরাকারবারিরা তাতে পিছু না হঠায় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি করে। ওই গুলিতে চোরাকারবারি শফিকুল গুরুতর আহত হন। আহত শফিকুলকে পরিবারের সদস্যরা দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে রাত আড়াইটায় শফিকুল ওখানে মারা যান। এই বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
Fans
Fans