১ বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে ফেল

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক পরীক্ষার্থী। কিন্তু এবার সেই গণিত পরীক্ষা দিলেও ফলাফলে ৩ বিষয়ে ফেল এসেছে তার। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এ রকম তথ্য জানা যায়।


নাজমুল ইসলাম নামের ভুক্তভোগী এক পরীক্ষার্থী জানান, গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন তিনি। এবার আবারও গণিত বিষয়ে পরীক্ষা দেন। কিন্তু ফলাফলে গণিত, কৃষি ও ট্রেড-২—তিন বিষয়ে ফেল এসেছে তার। তাই নাজমুলের ভবিষ্যৎ নিয়ে তার পরিবার দুশ্চিন্তায় পড়েছে।


একই ধরনের জটিলতায় পড়েছে একই প্রতিষ্ঠানের আরও ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী। ভুক্তভোগী পরীক্ষার্থীরা বলছেন, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও তিনি কোনো সমাধান দিতে পারছেন না।


একই সমস্যা নিয়ে পলিটেকনিক অফিসে যোগাযোগ করে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি জানান, অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। 


ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা বলেন, বিষয়টি কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে। তিনি সমাধান করবেন। এজন্য শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানাচ্ছি।

Follow Us