সুনামগঞ্জের একদিনে নৌকাডুবিতে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলার মধ্যনগর উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সরস্বতীপুর থেকে একটি নৌকায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে মধ্যনগরের উদ্দেশ্যে যাত্রা করে। এসময় নৌকাটি পিঁপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতের তোড়ে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বৃদ্ধা শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী।
একই দিনে উপজেলা সদর ইউনিয়নের গলহা গ্রামের একটি খাল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত মায়ের নাম বিলকিছ আক্তার ও মেয়ের নাম বিথি (২)। তাদের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার দুর্লভপুর গ্রামে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, ওই মহিলা ভিক্ষাবৃত্তির জন্য মধ্যনগরে এসেছিলেন। গলহা গ্রামের খাল পাড় হতে গিয়ে কোলের বাচ্চাসহ ভেসে যান। বেলা ১১ টায় মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও পিঁপড়াকান্দা এলাকায় একটি নৌকা ডুবেও এক বৃদ্ধা মারা গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
Fans
Fans