সৌদি আরবে মারামারির জেরে হবিগঞ্জে সং ঘ র্ষ, আ হ ত ৬০

শেখ জাহান রনি (মাধবপুর)::

প্রকাশিত:

সৌদি আরবে মারামারির জেরে হবিগঞ্জের মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।


জানা যায়, বুল্লা গ্রামের ধলাই মিয়ার ছেলে হারুন মিয়া ভালো চাকরি দেওয়ার প্রলোভনে মোটা অংকের টাকার বিনিময়ে এলাকার কিছু যুবককে সৌদি আরবে নেন। সেখানে গিয়ে এসব যুবক কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ হন। সোমবার (১১ জুলাই) সৌদি আরবের বাতা সার্কেটে হঠাৎ হারুন মিয়াকে দেখতে পেয়ে গণধোলাই দেয় তারা। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনার জেরে বুধবার বিকালে বুল্লা গ্রামের ধলাই মিয়ার গোষ্টির লোকজন ওই যুবকদের আত্মীয় স্বজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।


খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে চেষ্টা করেন। এসময় ওসিসহ ৭/৮ জন পুলিশ আহত হন।


ওসি মো. সহিদ উল্ল্যা জানান, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। 


মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্র জানিয়েছে সেখানে অন্তত ৫০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Follow Us