মৌলভীবাজারের মনু নদীতে জেলা প্রশাসনের উদ্যোগে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের চাঁদনীঘাট সেতু সংলগ্ন মনু নদীতে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
মিঠা পানির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জেলেদের আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে এই পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়। এসময় জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নদীতে প্রায় ১শ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো: শাহনেওয়াজ সিরাজী, জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্তকরণ শেষে জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ আরিফ হোসেন জানান, প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের বংশবিস্তার ও মজুদ বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়। এর মাধ্যমে একদিকে যেমন স্থানীয় জনগণ নিরাপদ ও পুষ্টিকর প্রোটিন হিসেবে মাছ পাবে, অন্যদিকে জেলেরা আর্থিকভাবে লাভবান হবে।
তিনি আরও জানান, আজকের এই কর্মসূচির ধারাবাহিকতায় শিগগিরই জেলা সদর ও রাজনগর উপজেলার কাউয়াদিঘী হাওরে আরও প্রায় ৩০০ কেজি রুইসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মিঠাপানির প্রাকৃতিক জলাশয়গুলোর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে মাছ উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তাই এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা ও টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
Fans
Fans