বহিষ্কারের কারণ জানতে চান স্বেচ্ছাসেবকদল নেতা ইসহাক

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

নিজেকে বহিষ্কার করার কারণ জানতে চেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ও মৌলভীবাজার জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনু। তাকে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


বুধবার (৩ সেপ্টেম্বর) মৌলভীবাজারের ভিটি আই রোড এলাকার একটি হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত সংবাদ সম্মেলনে বহিষ্কারের পেছনের ঘটনা তুলে ধরে সত্য উদঘাটনের আহ্বান জানান তিনি।


ইসহাক দাবি করেন, ''আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। আমাকে কারণ দর্শানোর বা আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থি ও অন্যায় সিদ্ধান্ত।"


সংবাদ সম্মেলনে মামনুনের অভিযোগ সংগঠনের নিয়ম ভঙ্গ করে হঠাৎ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা কমিটির সদস্য সচিব আহমেদ আহাদ ও সাংগঠনিক টিমের প্রধান ডা. জাহিদুল কবির একক আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। তাদের অসাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।


তারেক রহমানের কাছে বিচার প্রার্থনা মামনুন বলেন, আমার বহিষ্কার নেতাকর্মীদের মাঝে গভীর হতাশা তৈরি করেছে। আমি এই অবিচারের বিচার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কাছে দিলাম। আশা করি তিনি সঠিক তদন্ত করে সত্য উদঘাটন করবেন।


তিনি আরও জানান, বহিষ্কার হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে জীবনের শেষ দিন পর্যন্ত অনুসরণ করবেন।


এর আগে ইসহাক আহমেদ চৌধুরী মামনুন কে গত ৩১ আগস্ট স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক  স্বাক্ষরিত এক পত্রে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

Follow Us