ময়দা আত্মসাৎ করায় মৌলভীবাজারে ট্রাকসহ আ টক ২

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

ট্রাক ভর্তি ময়দা আত্মসাতের চেষ্টার অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ ঘটনায় আত্মসাৎ হওয়া ময়দাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট জেলার জালালাবাদ থানার চানপুর গ্রামের আক্তার আলী (৪৩) ও কুলাউড়া উপজেলার কাউকাপন গ্রামের রেজুয়ান হোসেন মান্না (২৫)।


পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ঢাকা মেট্রো-ট ১২-৩৪২৬ নম্বরের একটি ট্রাক নারায়ণগঞ্জের রূপগঞ্জস্থ শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৪০০ ব্যাগ (২০,০০০ কেজি) পুষ্টি ময়দা নিয়ে সিলেটের কালিঘাটের উদ্দেশে রওনা হয়। কিন্তু ট্রাক চালক তার সহযোগীদের সঙ্গে নিয়ে এই ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ করার পরিকল্পনা করে।


পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা গন্তব্য সিলেট না গিয়ে গত ৭ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাগান রোডের কাজী বেকারিতে ময়দার বস্তাগুলো আনলোড করে।


শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ওবায়দুর রহমান জানান, গাড়ির চালক ও তার সহযোগীরা বস্তাগুলো আনলোড করে বেকারি মালিকের কাছে টাকা চায়। বেকারি মালিক চালান ছাড়া টাকা পরিশোধ করতে রাজি না হওয়ায় ট্রাক ড্রাইভার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে তাদের আটকিয়ে মারধর করছে মর্মে মিথ্যা অভিযোগ জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানতে পারে।


পরবর্তীতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির টিম কুলাউড়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কটারকোনা এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করে।


কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালামাল আত্মসাৎ করে বিক্রির উদ্দেশে আনলোড করার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Follow Us