হবিগঞ্জের বাহুবলে ১৬টি ডাকাতি মামলার আসামি জামাল মিয়াকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল একই গ্রামের আবদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার ভোর রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায় বলে ধারনা করা হচ্ছে। ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ডাকাতি ও চুরির অভিযোগে শুধু বাহুবল মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৬টি। দেশের আরও বিভিন্ন থানায়ও তার নামে মামলা থাকতে পারে। লাশ উদ্ধারের পর শিবলু মিয়া (১৯) নামে একজনকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Fans
Fans