স্কলার্সহোম শিক্ষার্থীর অস্বাভাবিক মৃ ত্যু ঘিরে উত্তাল ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

সিলেটের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের শাহী ঈদগাহ শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র আজমান আহমেদ দানিয়ালের (১৯) অস্বাভাবিক মৃত্যুতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ করেন তারা। এসময় সোমবার সকালের মধ্যে কলেজের ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগসহ ৫ দফা দাবি তুলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


জানা যায়, বুধবার বিকেলে মহানগরের সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় নিজ বাসাতেই অস্বাভাবিক মৃত্যু হয় আজমানের। তিনি স্কলার্সহোমের শাহী ঈদগাহ শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এইচএসসির প্রি-টেস্ট পরীক্ষায় খারাপ ফল করায় স্কলার্সহোম থেকে আজমানকে টিসি দেয়। অভিযোগ উঠেছে, টিসি দেওয়ার পাশাপাশি কলেজের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল আজমান ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। যার ফলশ্রুতিতে অপমান-লজ্জায় আত্মহত্যা তিনি করেছেন বলে ধারণা করা হচ্ছে।


এদিকে আজমানের মৃত্যুর খবরে স্কলার্সহোমের বর্তমান, সাবেক শিক্ষার্থীসহ অভিভাবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে কলেজ কর্তৃপক্ষ রোববার প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। কিন্তু সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা জড়ো হন বন্ধ ক্যাম্পাসেই।


এসময় কলেজ অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুনীর আহমেদ কাদেরীর কাছে তাঁরা ভাইস প্রিন্সিপালের পদত্যাগসহ ৫ দফা দাবি তুলে ধরেন। দাবি পূরণ না হলে সোমবার সকাল থেকে আবারও আন্দোলন করা হবে জানিয়ে দুপুরে ক্যাম্পাস ছাড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।


এ বিষয়ে অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুনীর আহমেদ কাদেরী জানান, ‘আজমানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। সে পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করতে পারেনি। এ জন্য কলেজ কর্তৃপক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। সে মনঃক্ষুণ্ন হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আমরা খুব গুরুত্বের সঙ্গে বিষয়টা দেখছি। শিক্ষার্থীরা আজ বিভিন্ন দাবি নিয়ে এসেছে, তা আমরা খুবই গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত করে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে খুব দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Follow Us