নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে দক্ষিণী তারকা আনুশকা শেট্টিকে ঘিরে। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই অভিনেত্রী। এর আগে প্রভাসের সঙ্গে প্রেমের গুঞ্জন ও বিয়ের কথা উঠেছিল। তবে নতুন করে ব্যবসায়ী পাত্রের খবর সামনে আসতেই বিষয়টি নিয়ে শুরু হয় নতুন আলোচনা।
যদিও এই খবর প্রকাশ্যে আসার পরই মুখ খুলেছে আনুশকার টিম। তাদের বক্তব্য, ‘কারও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম তৈরি করার আগে অন্তত একটি আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত।’ তারা আরও জানায়, গুজবের ভিত্তিতে খবর প্রকাশ করা একেবারেই অনুচিত।
বিবৃতিতে বলা হয়, ‘সঠিক তথ্য আর গুজবের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। কিন্তু অনেক সময় সেই পার্থক্য এড়িয়ে যাওয়া হয়।’
এদিকে আনুশকার বয়স নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে—এ বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে তাঁর টিম। তাদের কথায়, ‘বারবার ৪৪ বছর বয়সটিকে সামনে আনা হচ্ছে কেন? এতে কি বোঝাতে চাওয়া হচ্ছে যে, এই বয়সে বিয়ে করা কোনো অস্বাভাবিক বা বিতর্কিত বিষয়?’
তারা আরও প্রশ্ন তোলে, ‘যদি বয়স এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এই আলোচনা কেন হয় না? নারীদের ক্ষেত্রেই কেন ভিন্ন মানদণ্ড?’
টিমের মতে, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশের আগে কিছু সীমারেখা মেনে চলা উচিত। একই সঙ্গে তারা আহ্বান জানায়, পুরুষ অভিনেতাদের মতোই নারী অভিনেত্রীদের প্রতিও সমান সম্মান দেখানো প্রয়োজন।
উল্লেখ্য, গুঞ্জনে আরও শোনা গিয়েছিল, দুই পরিবার গোপনে ঘরোয়া আয়োজনে বিয়ের পরিকল্পনা করছে। যদিও এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি, তবে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।
Fans
Fans