যেসব বাংলাদেশি গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তারা আগামী ১৮ এপ্রিলের আগেই দেশ ছাড়তে হবে বলে নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একইসাথে এই সময়ের মধ্যে যারা সৌদি ত্যাগ করবেন, তাদেরকে কোনও ধরনের জরিমানা গুণতে হবে না বলেও জানিয়েছে দেশটি। অন্যদিকে নির্দেশ অমান্য করলে জরিমানার পাশাপাশি আইনি ব্যবস্থার মুখোমুখিও হতে হবে।
বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে ভিজিট, উমরা এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে ১৮ এপ্রিলের পূর্বে সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৮ এপ্রিলের পূর্বে যেকোনো দিন টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে। এই সময়ের মধ্যে কোনোরূপ ভিসার মেয়াদ বৃদ্ধি করা কিংবা জরিমানা ছাড়াই প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন।
মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসা, উমরাহ ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসাধারীদের ১৮ এপ্রিলের পূর্বেই সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তীতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
Fans
Fans