কুলাউড়ায় মুঠোফোনে আসা ওটিপি বলতেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে ৭৬ হাজার টাকা। বুধবার দুপুরে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে ফোনকল ও ওটিপির মাধ্যমে এ প্রতারণার ঘটনা ঘটে।
জানা যায়, অ্যাকাউন্ট হালনাগাদের কথা বলে সোনালী ব্যাংকের গ্রাহক তসলিমা আক্তার মুন্নির কাছে একটি কল আসে। চক্রটির ফাঁদে পড়ে মুঠোফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে তিনি ৭৬ হাজার টাকা খোয়ান। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বুধবার (৯ এপ্রিল) বিকেলে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মুন্নি।
জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার দুপুর ১২টা ১৬ মিনিটের দিকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে বিদেশি একটি নম্বর দিয়ে কল করে প্রতারক চক্র। এ সময় তাকে ফোনের অপর প্রান্ত থেকে ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে তার অ্যাকাউন্ট হালনাগাদ করার কথা বলে মুঠোফোনে যাওয়া ওটিপি নম্বরটি জানাতে বলেন। চক্রটির ফাঁদে পড়ে তিনি ওই ওটিপি তাদের জানানোর সঙ্গেই তার অ্যাপস হ্যাক করে অ্যাকাউন্ট থেকে ৭৬ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে তিনি বিষয়টি সোনালী ব্যাংকের ব্যবস্থাপককে জানান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Fans
Fans