বাঁধ ভে ঙে পানি ঢুকছে সুনামগঞ্জের হাওরে

সুনামগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

হাওর অধ্যুষিত সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। শনিবার সকাল থেকে পানি প্রবেশ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 


কৃষি বিভাগ জানিয়েছে, সংরক্ষিত হাওর টাঙ্গুয়ায় এক হাজার ২৩৫ হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ ধান কাটা হয়ে গেছে।


তবে এই বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত ফসলরক্ষা বাঁধ না। স্থানীয়রা এই বাঁধ যাতায়াতের জন্য তৈরি করেছেন।


পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “টাঙ্গুয়ার হাওরে আমাদের পাউবোর কোনো বাঁধ নেই। এটি স্থানীয়রা এই মৌসুমে চলাচলের জন্য তৈরি করেন। পাহাড়ি ঢল বৃদ্ধি পাওয়ায় এখন বাঁধ উপচে পানি প্রবেশ করছে।”


সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা আজাদ বলেন, “টাঙ্গুয়ার হাওরে যে জমিতে ধান লাগানো হয়েছিল তা দুইদিন আগেই কাটা শেষ হয়েছে। সামান্য ক্ষেত উঁচুতে আছে। যা এই ঢলের পানিতে সমস্যা করবে না।” জেলার সব হাওরে গড়ে ৭০ ভাগের বেশি ধান কাটা হয়ে গেছে বলে জানান তিনি।

Follow Us