যুক্তরাজ্যে লর্ড মেয়র হলেন সিলেটের মেয়ে শিরিন

প্রবাস ডেস্ক::

প্রকাশিত:

প্রথম বাংলাদেশি নারী হিসেবে যুক্তরাজ্যের চেস্টার সিটির ডেপুটি মেয়র থেকে লর্ড মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের মেয়ে শিরিন আক্তার।


শিরিন আক্তার বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উল্লাহ ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে। গত শুক্রবার ডেপুটি মেয়র থেকে লর্ড মেয়র নির্বাচিত করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত শিরিনকে। এতে বাঙালি কমিউনিটির পাশাপাশি নিজ গ্রাম উত্তর ধর্মদা ও তাঁর আত্মীয়স্বজনের মাঝে আনন্দের বন্যা বইছে।


এর আগে ২০২৩ সালের ৪ মে সিটির স্থানীয় নির্বাচনে লেবার পার্টি থেকে প্রথম বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হন শিরিন আক্তার। এক বছরের মাথায় ২০২৪ সালের ১৯ মে তাঁকে চেস্টার সিটির ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়। তাঁর এক বছরের মাথায় এবার লর্ড মেয়র হলেন শিরিন। এরই মধ্যে শপথ নিয়ে দায়িত্বও গ্রহণ করেছেন তিনি।


শিরিন আক্তারের জন্ম যুক্তরাজ্যে হলেও ছোটবেলায় তিনি বিশ্বনাথ থানার বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর পড়ালেখা করেছেন। পরে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি চেস্টার সিটির বাসিন্দা ও ব্যবসায়ী সুন্দর আলী রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দাম্পত্য জীবনে শিরিন দুই সন্তানের জননী। সংসার পরিচালনার পাশাপাশি সোশ্যাল ওয়ার্কে মনোনিবেশ করা শিরিন আক্তার মানবিক নিবেদনের অনন্য প্রতিদান পেলেন সিটির গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব পেয়ে।


এ বিষয়ে লর্ড মেয়র শিরিন আক্তারের বাবা শাহ হুশিয়ার উল্লাহ বলেন, মেয়ের সাফল্যে তিনি ও তাঁর পরিবার আনন্দিত। শিরিন আক্তারের কর্মকাণ্ডে বিশ্বব্যাপী বাংলাদেশ গর্বিত হবে, এমনটাই প্রত্যাশা তাঁর। তিনি মেয়ের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

Follow Us