মৌলভীবাজারের ৩ সীমান্তে ২৯ জনকে ঠেলে পাঠালো ভারত

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারের তিন সীমান্ত দিয়ে ২৯ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) ভোরে কমলগঞ্জ ও সকালে জুড়ী উপজেলা থেকে তাঁদেরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


আটকের বিষয়টি নিশ্চিত করে রাজকি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হাশেম জানান, সকাল সাড়ে ৮টার দিকে ১০ জনকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর তাঁদের আটক করে ক্যাম্পে আনা হয়। আটক ১০ জনের মধ্যে ৪ শিশু, ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তাঁদের বাড়ি কুড়িগ্রামে। বিএসএফ ভোরের দিকে তাঁদের ঠেলে এপারে পাঠিয়েছে। তাঁদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।


আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে আবুল হাশেম আরও বলেন, আটক ব্যক্তিরা জীবিকার সন্ধানে বেশ আগে ভারতে চলে যান। সেখানে হরিয়ানা রাজ্যে তাঁরা দিনমজুরের কাজ করতেন। ৯ মে সেখানকার পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এ সময় তাঁদের মুঠোফোন ও পরিচয়পত্র জব্দ করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


একইদিন ভোর চারটার দিকে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগীছড়া থেকে ৫ জন ও চাম্পাছড়া এলাকা থেকে আরও ১৪ জনকে আটক করা হয়।


বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া জানান, আজ ভোর চারটার দিকে কমলগঞ্জের বাগীছড়া সীমান্ত এলাকা থেকে ৫ জন ও সকাল ৭টার দিকে চাম্পাছড়া সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে বিজিবির টহল দল আটক করে। প্রথম পাঁচজনকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে। তাঁরা নিজেদের কুড়িগ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন। অন্যদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আটক ব্যক্তিদের সবাইকে কমলগঞ্জে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Follow Us