চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ শুক্রবার

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

চট্টগ্রামের প্রায় ৬০টি গ্রামে আগামীকাল (শুক্রবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ ও চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করবেন। ইতোমধ্যে ঈদের জামাতের সকল প্রস্তুতি শুরু করেছে দরবার শরীফ কর্তৃপক্ষ।


স্থানীয় সূত্রে জানা যায়, সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমান (র.) ২০০ বছর আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহার পালন করার নিয়ম প্রর্বতন করেন। তার সেই দেখানো পথে আজও এ নিয়ম মেনে আসছেন তার ভক্ত ও অনুসারীরা। এরপর থেকে দরবারের মুরিদরা একদিন আগে থেকে ঈদ উদযাপন করে আসছেন। এবারও একদিন আগে ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানির জন্য প্রস্তুতি শেষ করেছে দরবার শরীফ কর্তৃপক্ষ।


সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের সৈয়্যদ মাওলানা আবদুর রহমান শাহ জাহাঁগিরী ও চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারের শাহজাদা মাওলানা মো. মতি মিয়া মনসুর জানান, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদিনা শরীফে তথা আরব বিশ্বে চাঁদ দেখার সঙ্গে মিল রেখে সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমানের দেখানো পথ অনুসরণ করে ধর্মীয় সকল পর্ব যেমন রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছি।


দক্ষিণ চট্টগ্রামের যেসব গ্রামে ঈদুল আজহার পালন করবেন সেগুলোর মধ্যে চন্দনাইশ পৌরসভার বুলার তালুক, হরিনার পাড়া, ফকির পাড়া, সর্বল কাজী বাড়ি, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারলা, বরমা ইউনিয়নে বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, ধোপাছড়ি, দোহাজারি, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞননগর, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, শ্রীমাই, রুপকানিয়া, জলদী, গুনাগরি, কালিপুর, গন্ডামারার, মিরিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরণদ্বীপ, বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, মনেয়াবাদসহ বেশ কয়েকটি গ্রামের লক্ষাধিক অনুসারীগণ ঈদুল আজহার নামাজ আদায় করবেন শুক্রবার।


এ ছাড়া বোয়ালখালী, হাটাহাজারী, সন্দীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, চাঁদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, বরিশাল,পটুয়াখালী, বগুড়া, ঝালকাঠি, খুলনা, নরসিংদি, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলাসহ বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে মির্জাখীল দরবার ও জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী রয়েছেন তারাও ঈদুল আজহার নামাজ আদায় করবেন বলে জানা গেছে।


শুক্রবার (৬ জুন) জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারের পীর সৈয়্যদ মো. আলীর ইমামতিতে সকাল ৭টায় ইদগাহ ময়দানে ইদুল আযহারের নামাজ অনুষ্ঠিত হবে।


এ ছাড়া সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের সৈয়্যদ মাওলানা মুহাম্মদ আবদুর রহমান শাহ জাঁহাগিরীর ইমামতিতে সকাল ৯টায় ও ড. সৈয়্যদ মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান জাহাঁগিরী ইমামতিতে সকাল সাড়ে ৮টায় মির্জাখীল দরবার শরীফে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

Follow Us