যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না ১২ দেশের নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক::

প্রকাশিত:

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে ১২টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশ সই করেন। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে।


নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকেরা।


এ ছাড়া ট্রাম্প আরও সাতটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।


হোয়াইট হাউস জানিয়েছে, উভয় নিষেধাজ্ঞা আগামী সোমবার থেকে কার্যকর হবে।


নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, কলোরাডোতে ইহুদিদের একটি র‍্যালিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন।


কলোরাডোর বোল্ডারে স্থানীয় সময় রোববার দুপুরের ওই ঘটনায় হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করেছিল পুলিশ। তিনি একজন মিসরীয় নাগরিক। এ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প ওই ঘটনার কথা উল্লেখ করলেও নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোতে মিসরের নাম নেই।


এ ছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Follow Us