মায়ের সঙ্গে ভারতেই ঈদ পালন করেছেন জয়

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

মায়ের সঙ্গে দেখা করতে ভারতে গিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে তথ্য নিশ্চিত করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষনেতা।


এছাড়া ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে তথ্যটি নিশ্চিত করেছে।


সূত্রগুলো জানিয়েছে যে, গত ৬ জুন (শুক্রবার) সজীব ওয়াজেদ জয় ভারতের মাটিতে পা রাখেন। তার পরেরদিনই ছিল কোরবানির ঈদ। মায়ের সঙ্গেই ঈদ কাটিয়েছেন তিনি।


জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম শেখ হাসিনার সঙ্গে তার ছেলের দেখা হলো। মায়ের সঙ্গে ঈদ করলেও দিল্লিতে অবস্থানরত বোন সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে জয়ের দেখা হয়েছে কি না তা নিশ্চিত করা যায়নি।


মূলত মায়ের সঙ্গে ঈদ পালন করার উদ্দেশ্যেই ভারতে গিয়েছেন জয়। তার এই সফর যতটা না রাজনৈতিক, তার থেকেও বেশি পারিবারিক - এমনটিই দাবি সূত্রগুলোর।


ভারতীয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিকভাবে মাস কয়েক পরে মায়ের সঙ্গে দেখা করতে ভারতে যাওয়ার কথা ছিল জয়ের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সবুজ সংকেত দিয়েছিল। তবে সেই সফর এগিয়ে এনে শুক্রবারই দিল্লিতে নামেন সজীব ওয়াজেদ জয়।


সূত্রগুলো আরও জানায়, সজীব ওয়াজেদ জয়কে দিল্লি বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তা দিয়ে পৌঁছিয়ে দেওয়া হয় শেখ হাসিনা যেখানে অবস্থান করছেন সেই গোপন ঠিকানায়। ভিভিআইপিদের যেভাবে পাইলটকারসহ সামরিক পোশাক পরিহিত নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে নিয়ে যাওয়া হয় জয়কে সেভাবে নিয়ে যাওয়া হয়নি। অত্যন্ত গোপনে কাজটি করা হয়, যেন কাকপক্ষীও টের না পায়।

Follow Us