হবিগঞ্জের মাধবপুরে পুকুরে ডুবে একসাথে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একরাম মিয়া (৭) ও তামান্না আক্তার (৭)।
একরাম মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের আনাম মিয়ার ছেলে। তিনি নানা আইয়ুব আলীর বাড়িতে বরুড়া গ্রামে থাকতেন। তামান্না একই উপজেলার বরুড়া গ্রামের সুলেমান মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একরাম ও তামান্না খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে পানিতে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
একরামের মা মর্জিনা বেগম বলেন, “আমার মানিক ধন এভাবে চলে যাবে, ভাবতেই পারিনি। এখন আমি কী নিয়ে বাঁচব!”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Fans
Fans