যাত্রীর ১৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন চালক

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা প্রায় ১৫ লাখ টাকা ফেরত দিয়েছেন অটোরিকশা চালক অনিক হাসান। বৃহস্পতিবার (১৭ জুলাই) কুমিল্লায় এ ঘটনা ঘটে।


এক অভিভাবক তাড়াহুড়ায় সন্তানকে স্কুলে পৌঁছাতে গিয়ে অটোরিকশায় তার টাকা ভর্তি ব্যাগ রেখে নেমে যান। পরে তিনি ফিরে এসে অটোরিকশাটিকে আর খুঁজে পাননি। প্রায় ৩০-৪০ মিনিট পর যাত্রী দেখেন ওই অটোরিকশাচালক নিজেই তার বাসার আশপাশে এসে খুঁজছেন তাকে। পরে সবার সামনে ব্যাগটি ফেরত দেন চালক অনিক। ব্যাগটি পেয়ে আপ্লুত হয়ে যান টাকার মালিক।


অনিক হাসান কুমিল্লা নগরীর চৌধুরীপাড়া এলাকার ভাড়াটিয়া। 


অনিক জানান, ব্যাগে এত টাকা দেখে আমি প্রথমেই আমার বাবাকে ফোন কল দেই। তিনি বলেন, যার জিনিস, তাকে খুঁজে দিয়ে আয়। অন্যের টাকা নিয়ে বাঁচতে চাই না। আমি এরপর কয়েকবার ঘুরে ওই এলাকায় এসে ব্যাগের মালিককে খুঁজে পাই।


অনিক আরও জানান, তার বাবা আবদুস সালামও অটোরিকশাচালক। মা তাহমিনা বেগম। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুরে। তাদের পরিবারে সততা ও নৈতিকতার চর্চা বহুদিনের। আর তাই ১৫ লাখ টাকার মতো বড় অঙ্কের অর্থ পাওয়ার পরও এক মুহূর্তের জন্যও লোভ স্পর্শ করেনি অনিককে। তিনি টাকা ফেরত দিয়ে তৃপ্তি রোধ করছেন।


এদিকে টাকার মালিক মরণ কর্মকার স্বর্ণ ব্যবসায়ী। তিনি নগরীর পানপট্টি এলাকার বাসিন্দা। এই টাকা ফেরত পেয়ে তিনি অভিভূত। তিনি অনিকের সততায় মুগ্ধ। তাকে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

Follow Us