মৌলভীবাজার হেলার কুলাউড়া সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপি সংলগ্ন হরিপুর সীমান্ত এলাকা থেকে তাদের নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন- শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে তারা তিনজন বাংলাদেশ সীমান্তের ভেতরে হরিপুর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় ১৫-২০ জন বিএসএফ সদস্য হঠাৎ সীমান্ত পেরিয়ে এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অনেকেই কিছু বুঝে উঠতে পারেননি।
আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া জানান, ‘আমার ভাই ও অন্য দুইজন বাংলাদেশ অংশেই মাছ ধরছিলো। হঠাৎ বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় বিজিবিকে জানিয়েছি।’
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
Fans
Fans