সুনামগঞ্জের জগ্ননাথপুরে দুপক্ষের সংঘর্ষে অন্ততপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ইসহাকপুর গ্রামের নোমান মিয়া ও একই গ্রামের ফিরোজ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আটদিন আগে নোমান মিয়ার পক্ষের দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় ফিরোজ মিয়ার পক্ষের রুয়েল মিয়া ও নুর আলমকে কারাগারে পাঠান আদালত।
বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসার পথে প্রতিপক্ষের বাড়ির সামনে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে শুক্রবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বদরুদ্দোজা জানান, উভয় পক্ষের ৩০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ১৪ জনের মাথায় আঘাত রয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Fans
Fans