সানাই বাজছিল, আত্মীয়-স্বজন ভরা বাড়িতে উৎসবের আমেজ, বিয়ের সব আয়োজন সম্পন্ন। কিন্তু হঠাৎ করেই নেমে এলো শোকের ছায়া। নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খরিয়া গ্রামে কনের বিয়ের দিনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মারা গেলেন কনের মা।
রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আরতি সরকার (৫০)। তিনি খরিয়া গ্রামের শ্রীনন্দ সরকারের স্ত্রী। তার মেয়ে স্বর্ণা সরকার একজন কলেজ ছাত্রী, যার বিয়ে নির্ধারিত ছিলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের একটি ধনাঢ্য পরিবারের সঙ্গে।
জানা গেছে, রবিবার রাত ৯টায় ছিলো বিয়ের আনুষ্ঠানিকতা। বাড়িতে ছিলো সাজ সাজ রব, উৎসবমুখর পরিবেশ। হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বিদ্যুতের যাওয়া-আসার মধ্যে সন্ধ্যায় ঘর পরিষ্কারের প্রস্তুতি নিচ্ছিলেন কনের মা। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসায় অসাবধানতাবশত তিনি দরজার পাশে থাকা বৈদ্যুতিক তারে হাত দিলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিন্তু মায়ের মৃত্যুর খবর তখনও জানানো হয়নি স্বর্ণা সরকারকে। তাকে বলা হয় মা অসুস্থ, তবে আশঙ্কামুক্ত। পরে রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের কালিবাড়ি কালিমন্দিরে সম্পন্ন হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা ও মালা বদলের পর্ব।
এই শোকাবহ ঘটনায় আনন্দময় বিয়ের অনুষ্ঠান মুহূর্তেই রূপ নেয় শোকাবহ পরিবেশে। কনের মায়ের লাশ বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। এলাকায় চলছে শোকের ছায়া, আর মানুষের মুখে মুখে একটিই প্রশ্ন—বিয়ের আনন্দের মাঝে এত বড় দুর্ভাগ্য কেন।
Fans
Fans