সিলেট থেকে লন্ডনগামী বিমান ইস্তাম্বুলে জরুরি অবতরণ

প্রবাস ডেস্ক::

প্রকাশিত:

সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট তুরস্কের ইস্তাম্বুলে জরুরি অবতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) একজন বিমান যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানটি তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করানো হয়।


বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, বিমানের বিজি-২০১ ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। তবে মাঝপথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে পাইলট জরুরি ভিত্তিতে ইস্তাম্বুলে অবতরণের সিদ্ধান্ত নেন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইস্তাম্বুলে অবতরণ করে বিমানটি।


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (আইন ও জনসংযোগ বিভাগ) মো. আল মাসুদ খান জানান, লন্ডনগামী বিজি ২০১ ফ্লাইট চলাকালীন এক যাত্রী শাহ শামসুন নেহার রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যাত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় ফ্লাইটের পাইলট ইন কমান্ড অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নিয়ে লন্ডনের পরিবর্তে ইস্তাম্বুলে ফ্লাইটটি ডাইভার্ট করেন।


জরুরি অবতরণের মাধ্যমে বিমানটি নিরাপদে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায় এবং সেখানে ওই অসুস্থ যাত্রীসহ তাঁর সঙ্গে থাকা আরও দুজন যাত্রী ফ্লাইট থেকে অবতরণ করেন।

Follow Us